তাবিথ এবারও একা!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

২০১২ ও ২০১৬ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ আউয়াল। ২০২০ নির্বাচনেও হেঁটেছিলেন একাই। তবে উপনির্বাচনে হেরে যান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তরুণ এই সংগঠক ঘোষণা দিয়েছেন আসছে ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার। ঘোষণার দিন যোগ্যদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশ নেওয়ার কথাও বলেছিলেন। তবে মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমে তাবিথ বলেছেন, এখন পর্যন্ত তিনি নির্বাচনে আছেন স্বতন্ত্রভাবেই। সেই সঙ্গে বলেছেন, সভাপতি হতে পারলে বাদবাকি নির্বাচিতদের নিয়ে একটা টিমওয়ার্কের মধ্য দিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেবেন।

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ। ৯, ১০ ও ১২ অক্টোবর তিন দিন আগ্রহী প্রার্থীরা ২১ পদের বিপরীতে সংগ্রহ করতে পারবেন মনোনয়নপত্র। তবে এখন পর্যন্ত বাফুফে নির্বাচন ঢেকে আছে কুয়াশার চাদরে। প্রতিবার দেখা যায় নির্বাচন-কেন্দ্রিক দুটি পক্ষ কিংবা প্যানেল সক্রিয় হয়ে ওঠে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি কোনো প্যানেল। তাবিথ ছাড়াও সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আরেক ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। রাজনৈতিক পালাবদলে সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কজন অতি উৎসাহী নেতাকর্মীর সমর্থন নিয়ে তাবিথের আগেই সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল পরিচালক রুহুল আমিন। তবে তাবিথের ঘোষণার পর থেকেই মুখে তালা এই ব্যক্তির। গুঞ্জন আছে, প্রভাব খাটিয়ে ২০২০ সালের মতো এবারও তরফদার রুহুল আমিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে একটি পক্ষ থেকে। এও শোনা যাচ্ছে নিজে নির্বাচন থেকে সরে গিয়ে নিজের ছেলে তরফদার সাইফকে তাবিথের সঙ্গে সহ-সভাপতি পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছেন রুহুল আমিন। যদিও এখন পর্যন্ত নিজেকে সরিয়ে নেওয়ার কোনো ঘোষণা আসেনি রুহুল আমিনের পক্ষ থেকে। তাকে সভাপতি হিসেবে সমর্থন দেওয়াদের বিশ্বাস শেষ পর্যন্ত রুহুল আমিন সভাপতি পদে প্রার্থী হবেন এবং তার নেতৃত্ব গঠন হতে যাওয়া প্যানেল জয়লাভ করবে।

এদিকে তাবিথ আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন জানিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, ‘কাল (আজ) যে কোনো সময় আমি মনোনয়নপত্র সংগ্রহ করে নেব। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে, আমি একাই কোনো প্যানেল ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছি।’ এরপর যোগ করেন, ‘আমি অপেক্ষা করছি কারা কারা আগ্রহী নির্বাচন করার জন্য কোন কোন পদে। এরপর দেখব কারা কোন পদে আসতে চান বিবেচনা করব। তখন এটা প্যানেলের বিষয় আসতেও পারে আবার কোনো প্যানেল নাও হতে পারে।’

তাবিথ এখনো ধোঁয়াশা রেখে দিলেন। তবে ১২ অক্টোবরের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হবে। এদিকে তরফদারকে সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব দেওয়া টাঙ্গাইল ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আলী ইমাম তপন দাবি করেছেন তারা ভালোভাবেই আছেন নির্বাচনের মাঠে। আমরা এখনো বিশ্বাস করি একটা প্যানেল হয়েই আমরা নির্বাচন করব। এখন পর্যন্ত তরফদার রুহুল আমিনকে সামনে রেখেই আমরা কাজ করছি। ১২ অক্টোবর দৃশ্যমান হবে আমাদের অবস্থান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত