তিন সেঞ্চুরিতে পাকিস্তান ৫৫৬

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

ইংল্যান্ডের বিপক্ষে শান মাসুদ-আব্দুল্লাহ শফিক সেঞ্চুরি করেছিলেন মুলতান টেস্টের প্রথম দিনে। গতকাল দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন সালমান আগা। অল্পের জন্য সেঞ্চুরি পাননি সৌদ শাকিল। পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রানে অলআউট হয়েছে। জবাব দিতে নেমে দিন শেষে ইংল্যান্ড করে ১ উইকেটে ৯৬ রান। পাকিস্তান এগিয়ে আছে ৪৬০ রানে।

‘নাইটওয়াচম্যান’ হিসেবে ছয়ে ব্যাটিংয়ে নামা নাসিম শাহ প্রথম দিন শেষে শূন্যতে অপরাজিত ছিলেন। গতকাল প্রথম সেশনে ১৯.৪ ওভার পর্যন্ত ক্রিজে কাটিয়ে দেন নাসিম! দেড় ঘণ্টার বেশি সময় ক্রিজে কাটিয়ে ৮১ বলে তার ৩৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্যারিয়ারেই সর্বোচ্চ। সৌদ শাকিলের সঙ্গে পঞ্চম উইকেটে নাসিমের ১২৯ বলে ৬৪ রানের জুটিকে পাকিস্তানের ৫০০ পেরিয়ে যাওয়ার ভিত গড়ে দেয়। ৮২ রান করা শাকিল সেঞ্চুরির সুবাস পেতে পেতে সিøপে ক্যাচ দেন শোয়েব বশিরের দারুণ এক ডেলিভারিতে। তখন ব্যক্তিগত ৩৬ রানে ক্রিজে প্রায় ‘সেট’ হয়ে গিয়েছিলেন সালমান।

ক্যারিয়ারের ১৫তম টেস্টে ১০০০ রানের মাইলফলক টপকে যাওয়া এই স্পিনার অলরাউন্ডার টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরিও তুলে নেন। ইনিংসটি আরও বড় হতো, তবে অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে যাওয়ায় সালমান আর এগোতে পারেননি। ১০৪ রানেই অপরাজিত ছিলেন। সালমানকে ৯ম উইকেটে দারুণ সঙ্গ দিয়েছেন শাহিন আফ্রিদি। দুজনের ৮৫ রানের জুটিতে আফ্রিদির অবদান ৪৯ বলে ২৬।

পাকিস্তানের ১০ উইকেট সমান ভাগ করে নিয়েছেন ইংল্যান্ডের বোলাররা। স্পিনাররা নিয়েছেন ৫ উইকেট, পেসাররাও তা-ই। এর মধ্যে ৪০ ওভার বোলিং করে ১৬০ রানে ৩ উইকেট নেওয়া জ্যাক লিচ সেরা পারফরমার।

ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর এ নিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের বিপক্ষে ৫০০ ছাড়ানো স্কোর হলো। আগের দুবার কিন্তু ইংল্যান্ড জিতেছে। ২০২২ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে প্রথম ইনিংসে ৫৫৩ তুলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। একই বছর রাওয়ালপি-ি টেস্টে পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৭৯ তুলেও ৭৪ রানে হেরেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত