সুনামগঞ্জের সাবেক এমপি মুহিবুর রহমান গ্রেপ্তার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২৪ এএম

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ সদর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় মুহিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, সংসদ সদস্য মুহিবুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী সময় সুনামগঞ্জ সদর থানায় মামলা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে জানান, সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় মুহিবুর রহমান এজাহারভুক্ত আসামি।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে ওই মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক এমপি এমএ মান্নানকে ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত