বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার তিনটি এবং নিউ মার্কেট থানার এক মামলায় জুনাইদ আহমেদ পলককে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া যাত্রাবাড়ী থানার দুই মামলায় দীপু মনি ১৪ দিন, একই থানায় আরেক মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর সাত দিন, সালমান এফ রহমানকে পাঁচ দিন ও ডিবির ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে এসব রিমান্ড মঞ্জুর করেন।যাত্রাবাড়ী থানার ইমাম হোসেন হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক, দীপু মনি, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। যাত্রাবাড়ীর সাকিব হাসান নিহতের মামলায় দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের আরও সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।
নিউ মার্কেট থানা এলাকায় মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
