সাঁতার শিখতে এসে লাশ হলেন শিক্ষার্থী

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ এএম

সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। নিখোঁজের ৩ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই কলেজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ নেওয়াজ তুষিন (১৯)। তিনি সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে এবং সাভার সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নেওয়াজ তুষিন নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি মডেল থানার পুকুরে একাই সাঁতার শিখতে নামলে পানিতে তলিয়ে যান। এ সময় থানার ঘাটে থাকা দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিশে খবর দেয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন স্কুলের ছাত্ররা মডেল থানার পুকুরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাই সাঁতার প্রতিযোগিতা শেষ করে চলে গেলে দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহ নেওয়াজ তুষিন ওই পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি জায়াগায় পানিতে তলিয়ে যান।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা চলাকালে আমরা সেখানে ছিলাম। আমরা চলে আসার পর ওই ছেলে সাঁতার শিখতে গেলে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার এসআই মিজানুর রহমান মিজান বলেন, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিলেন। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত