চলতি হিসাবে উদ্বৃত্ত কমেছে বাণিজ্য ঘাটতি

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৮ এএম

দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্টে উদ্বৃত্ত নিয়ে ২০২৪-২৫ অর্থবছর শুরু হয়েছে। আমদানি কমায় পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণও কমেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯ কোটি ডলার বা প্রায় ১০ শতাংশ কমেছে। একই সময়ে চলতি হিসাবের উদ্বৃত্ত ১১ কোটি ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি ৪০ লাখ (২.৭৫ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫৩ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরের এই দুই মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৩০৪ কোটি ৪০ লাখ (৩.০৪ বিলিয়ন) ডলার।

জুলাই-আগস্ট সময়ে ৯৯১ কোটি ৪০ লাখ (৯.৯১ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরের এই দুই মাসে ১০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল।

অন্যদিকে জুলাই-আগস্ট সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৭১৬ কোটি (৭.১৬ বিলিয়ন) ডলার আয় করেছেন রপ্তানিকারকরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে পণ্য রপ্তানি থেকে ৬ দশমিক ৯৮ বিলিয়ন ডলার আয় হয়েছিল। এ হিসাবেই চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ কমে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

২২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি নিয়ে ২০২৩-২৪ অর্থবছর শেষ হয়েছিল। তার আগের অর্থবছরে (২০২২-২৩) এই ঘাটতির পরিমাণ ছিল ২৭ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারের বড় ঘাটতি নিয়ে শেষ হয়েছিল ২০২৩-২৪ অর্থবছর। সুখবর হচ্ছেÑ ব্যালান্স অব পেমেন্টে উদ্বৃত্ত নিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ১০ লাখ ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই সূচকে ৬১ কোটি ডলারের ঘাটতি ছিল।

২০২৩-২৪ অর্থবছর শেষে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। তবে ঘাটতি নিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আর্থিক হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১৩৩ কোটি ৭০ লাখ (১.৩৩ বিলিয়ন) ডলার।

সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতি কিছুটা কমেছে। জুলাই-আগস্ট সময়ে এই সূচকে ঘাটতি ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

গত ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল আগের অর্থবছরের (২০২২-২৩) চেয়ে ১০ দশমিক ৬১ শতাংশ বেশি। সেই ইতিবাচক ধারা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৮ শতাংশ বেশি।

ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের রেমিট্যান্সের তথ্যও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৩৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, জুলাই-আগস্ট সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬১ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৫৮ কোটি ৪০ লাখ ডলার। মূলত বীমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।

সংকটের মধ্যে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। জুলাই-আগস্ট সময়ে মোট ৬৯ কোটি ৩০ লাখ ডলারের এফডিআই এসেছে দেশে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৮০ শতাংশে বেশি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ৬০ কোটি ৯০ লাখ ডলার এফডিআই পেয়েছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত