দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের স্বার্থে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মাসুদুর রহমান আদালতে শিবলী রুবাইয়াতের দেশত্যাগে (বিদেশ গমন) নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকে অনুসন্ধান চলমান। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
এদিকে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশে আছেন, নাকি ইতিমধ্যে গোপনে দেশ ছেড়ে গেছেন কোনো সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের ঠিক দুদিন আগে তিনি কানাডা থেকে দেশে ফিরেছিলেন। গত ১০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পতিত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১৭ মে তাকে চার বছরের মেয়াদে এসইসির চেয়ারম্যান নিয়োগ দেয়। পরে চলতি বছরের ২৮ এপ্রিল তাকে একই পদে আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়।
