বাফুফে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিক্রি হয়েছে মোট ২৫টি। এর মধ্যে নেই কোনো সভাপতি প্রার্থী। একটি সিনিয়র সহ-সভাপতি, চারটি সহ-সভাপতি ও ২০টি নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই বাফুফে ভবনে ছিল মিডিয়াকর্মীদের ভিড়। আগের দিন একটি সংবাদমাধ্যমে সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দেওয়া তাবিথ আউয়াল বলেছিলেন প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করেও লাভ হয়নি। সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র নেননি তাবিথ। তবে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছে বেশ কিছু চমক।
সভাপতি পদে মনোনয়নপত্র বিক্রি না হলেও সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের বর্তমান কমিটির সহ-সভাপতি ইমরুল হাসান। এছাড়া চারটি সহ-সভাপতি পদের বিপরীতে প্রথম দিনে মনোনয়ানপত্র সংগ্রহ করেন চারজন। এর মধ্যে নেই কোনো পুরনো মুখ। নির্বাহী সদস্য পদে ১৯ জন মোট ২০টি মনোনয়নপত্র কিনেছেন।
