বাংলাদেশে গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের মধ্যকার বৈঠকের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চ্যালেঞ্জ বিবেচনায় বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে চালিয়ে নিচ্ছে?
জবাবে মিলার বলেন, ‘আমরা ওইসব বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে যাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে (ড. ইউনূস) পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা ওইসব বিষয়ে অগ্রগতির জন্য সহযোগিতা অব্যাহত রাখব।’
ওই সাংবাদিক গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি প্রশ্ন করে বলেন, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং অভিযোগ রয়েছে, ভারতীয় ভূখণ্ড থেকে তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জয়শঙ্কর-ব্লিঙ্কেন বৈঠকে বাংলাদেশ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল কি না?
জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে বাংলাদেশসহ আঞ্চলিক বিষয়গুলো প্রায়ই উঠে আসে। তবে আমার কাছে দেওয়ার মতো কোনো নির্দিষ্ট বক্তব্য নেই।’
