হাজিরা বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে গতকাল বুধবারও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় ও কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার পূর্বাণী গ্রুপের একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সেখানে গতকালও ৬টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ায় ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে মুরাদ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। ওই অঞ্চলেও গতকাল বন্ধ ছিল ছয় কারখানা। শ্রমিকরা উভয় এলাকার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল পূর্বাণী কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একই কম্পাউন্ডের ভেতরে থাকা যমুনা গ্রুপের যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং ও যমুনা ফ্যান কারখানার শ্রমিকরা সকাল ৮টায় হাজিরা দিয়ে কাজে যোগ দেন। কিছু সময় পর কাজ বন্ধ করে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বাৎসরিক বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। পরে পুলিশ বেলা ১২টার দিকে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে যমুনা গ্রুপের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কালিয়াকৈর উপজেলার পূর্বাণী কারখানায় শ্রমিকদের নিয়ে আলোচনা চলছে সমস্যার সমাধানের জন্য। মালিকপক্ষ আন্তরিক আছেন, আশা করি সমাধান হয়ে যাবে।
সাভার প্রতিনিধি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন মুরাদ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। শ্রমিকদের ১০ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর ডিউটি হলে টিফিন বিল ৫০ টাকা দিতে হবে। রাত ১০টা পর্যন্ত কাজ হলে নাইট বিল ১০০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস বাড়াতে হবে। শুক্রবার জেনারেল ডিউটি করানো যাবে না। বাৎসরিক ছুটির টাকা দিতে হবে। ওভারটাইম কাটা যাবে না। ৫-৭ তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে। ফিনিশিং ম্যানেজার আজিজ, কমপ্লায়েন্স ম্যানেজার মো. ইমরান ও অ্যাডমিন ম্যানেজার মো. জিয়াকে বরখাস্ত করতে হবে। বাৎসরিক ইনক্রিমেন্ট দিতে হবে। শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা করতে হবে।
আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, মুরাদ অ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিকরা সকাল থেকেই ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন। আমরা মালিকপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
