স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩২ এএম

সব সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত ‘মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।’

বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ : পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত