গামিনির কবল থেকে মুক্তি চান তাসকিনরা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৯ এএম

নাচতে না জানলে উঠান বাঁকা-এই প্রবাদের মতই সব দোষ যেন বাংলাদেশের উইকেটের। এখানে খেলে ভাল ব্যাটসম্যান হওয়া যাবে না, এরকম কথা বুধবার ঘন্টা চারেকের ব্যবধানে দুই জন বললেন। প্রথম বক্তা তামিম ইকবাল খান, দ্বিতীয় জন তাসকিন আহমেদ। প্রথম জন ধারাভাষ্য দিচ্ছেন, প্রেসবক্সের পাশেই ধারাভাষ্য কক্ষ হওয়াতে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপ জুড়েছিলেন সাবেক এই অধিনায়ক। পরের জন ব্যাটিংস্বর্গে কিপ্টে বোলিং করার পর এসেছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। দুজনের কন্ঠেই একই সুর, শুধু প্রশ্ন একটাই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

তামিম ব্যাটিং সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছেন, 'বিভিন্ন সিরিজের পর খারাপ করার কারণ আমরা শুনি,কিন্তু কতজন এটা নিশ্চিত করতে চেয়েছে যে খারাপ করাটা আর হবে না। উদ্যোগটা নিতে হবে। অভিযোগ আসছে উইকেট ভাল না, উইকেট ভাল না...তাহলে উইকেট ভাল করতে হবে। উদ্যোগ তো সেটার নিতে হবে, যেটার অভিযোগ আসছে সেটা আগে দেখতে হবে।'

তাসকিন ব্যাটসম্যানদের শট খেলার সামর্থ্য তৈরি না হওয়া প্রসঙ্গে বলেছেন, 'ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।'

দেশের উইকেটগুলো যথেষ্ট ব্যাটিং সহায়ক নয় বলেই তাসকিনের দাবী, '১৮০-২০০ কিন্তু ওদের নিয়মিত রান। যেটা হয়তো আমাদের জন্য ১৩০-৪০, হোমে। এই অভ্যাসটা আমাদের খুবি-ই কম, যেটা বাস্তবতা। আশা করি ভবিষ্যতে আমাদের হোম কন্ডিশন আরও উন্নত হবে। আমাদের আরও বড় রান চেজ করার, ডিফেন্ড করার ক্ষমতা হবে।’ 

উইকেটের প্রসঙ্গ এলেই অবধারিতভাবে উঠে আসে গামিনি ডি সিলভার নাম। দেশের হোম অব ক্রিকেট, মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর। বিসিসিআই এর প্রধান কিউরেটর আশীষ ভৌমিক যাকে কিউরেটরই মনে করেন না, কারণ তার এই বিষয়ে কোন প্রশিক্ষণই নেই। অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং বিসিবির চাকরি ১ বছর করেই ছেড়ে দিয়ে যাবার সময় বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটে লঙ্কান মাফিয়া আছে। জাতীয় দল, নারী দল এবং অনূর্ধ-১৯ দলের কোচ বর্তমানে শ্রীলঙ্কান, তাই যোগসূত্রটা কোথায় সেদিকে নজর দেয়াটাও দরকার বলে মনে করেন অনেকে। 

তাসকিন সাহস করে বলেই ফেলেছেন, গামিনির কবল থেকে মুক্তি চান তারাও, 'হ্যাঁ। হতেই পারে। এটা যদিও বোর্ডের সিদ্ধান্ত। আমরাতো বোর্ডকে জানিয়েছি, বোর্ড এটা নিয়ে চিন্তা করছে। বোর্ড সহযোগিতা করবে কন্ডিশন ভালো করার জন্য। বোর্ড কিভাবে করে দেবে এটা বোর্ডের ব্যাপার।’ 

অজুহাতটা খুব সরল। দেশে ভাল উইকেটে রান করার অভ্যাস নেই তাই বিদেশে ভাল উইকেটেও রান করছেন না ব্যাটসম্যানরা। সেটা বলে গেলেন একজন উদ্বোধনী ব্যাটসম্যান আর একজন উদ্বোধনী বোলার। তাসকিন এবং তামিম দুজনেই বলেছেন যে দক্ষতা মানসিকতা সামর্থ্যেও ফারাক আছে, তবে উইকেট অন্যতম প্রধান সমস্যা। সন্দেহ নেই অসমান বাউন্সের ধীরগতির উইকেট টি-টোয়েন্টির দর্শনের সঙ্গে বেমানান। তবে প্রশ্ন হচ্ছে, এমন উইকেটেই তো স্পিনের ফাঁদ পেতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়া হয়েছে। এই রকম উইকেট তৈরির সিদ্ধান্ত কি গামিনি একক ভাবে নেন? পৃথিবীর কোন কিউরেটরের কি এই এখতিয়ার আছে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত