এক ঝলক

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:০৮ এএম

শিরিন শিলার বিয়ে

শোনা গেছে গতকাল বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা শিরিন শিলা। তার হবু বরের নাম সাজিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একটি সূত্র অভিনেত্রীর বিয়ের খবর জানিয়ে বলেন, ‘শিরিন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।’

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছর জুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরিন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরিন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সবকিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

সামান্থার প্রশংসা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুষ্ঠানে ‘ও আন্তাভা’ গাইতে শোনা যায়। গানটি ছিল পুষ্পা ছবির। যে গানটিতে সামান্থা ও আল্লু অর্জুন পারফর্ম করেছিলেন। আলিয়ার কণ্ঠে তা শুনে পাশে বসে হাসতে দেখা যায় স্বয়ং সামান্থাকেও। গান শেষ করার পর সামান্থা তাকে জড়িয়ে ধরেন। আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’ এদিন অভিনেত্রী সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট। তিনি বলেন, ‘প্রিয় সামান্থা, তুমি একজন হিরোইন, তা পর্দায় হোক বা তার আড়ালেই হোক। আমি তোমার প্রতিভা এবং এনার্জির খুব প্রশংসা করি। পুরুষশাসিত দুনিয়ায় একজন এভাবে রাজত্ব করা সহজ নয়। কিন্তু তুমি সেটাই করে দেখিয়েছ। তোমার প্রতিভা আছে এবং সেটিই কাউকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট’।

সঞ্জয়ের নতুন বিয়ে

২০০৮ সালে মান্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল। সম্প্রতি আবারও বিয়ে করেছেন এ অভিনেতা। তবে এবার নতুন কাউকে নয়। স্ত্রী মান্যতাকেই বিয়ে করেছেন। তাকে নিয়ে ঘুরলেন সাতপাকে! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রঙের ধুতি, পাঞ্জাবি পরেছেন অভিনেতা। আর তার স্ত্রী মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার-কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। অগ্নিসাক্ষী রেখে বউয়ের হাত ধরে ঘুরেছেন সঞ্জয়। যা দেখে অনেকে অবাকই হয়েছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি এ দম্পতি। সঞ্জয় ১৯৮৭ সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে। মাথায় টিউমারে রিচার মৃত্যুর পর তাঁর জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই।

পাহাড়ে লাপাত্তা মধুমিতা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।  নানা সময়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে পোশাক নিয়ে সমালোচনার কবলে পড়েন। সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত চলচ্চিত্র ‘সূর্য’। মুক্তির ৭৫ দিন পেরিয়ে গেলেও এখনো দর্শকদের মনে জায়গা হারায়নি এই ছবি। ছবির শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। বেশিরভাগ সময়টা পাহাড়েই থাকতে হয়েছে শিল্পী এবং কলাকুশলীদের। এদিনই পরিচালক শিলাদিত্য মৌলিক জানান, শুটিং শেষ হলেই পাহাড় থেকে লাপাত্তা হয়ে যেতেন মধুমিতা। নায়িকাকে আর খুঁজেই পাওয়া যেত না। এটাই যখন প্রশ্ন, তখন উত্তর দিলেন নায়িকা। মধুমিতা বলেন, আমি প্রেম করতে যেতাম আমার ভগবানের সঙ্গে।

হাতিরঝিলে কনসার্ট

পূজার ছুটিতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দেশসেরা ১২টি মিউজিক ব্যান্ড নিয়ে ‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ। শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, আর্বোভাইরাস, আর্ক ব্যান্ড, কুঁড়েঘর-তাসরিফ খান, কাকতালসহ আরও পারফর্ম করবে সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট ও এটিএ ব্যান্ড। আজ ১১ অক্টোবর শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা টিকিটের এই কনসার্ট শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ হবে রাত ১০টায়। পূজার ছুটিতে এই আয়োজন উপভোগ করতে টিকিটের জন্য গেট সেট রক-এর ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত