টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। ২২ গ্র্যান্ড সø্যাম জয়ী নাদাল গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছেন। আসছে নভেম্বরে মালাগাতে ডেভিস কাপ খেলে অবসর নেবেন তিনি। ২০০১ সালে নাদাল পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু করেছিলেন।
গেল দুই বছর ধরে নানা চোটে বিশেষ করে পিঠ ও ঊরুর চোটে ভুগছিলেন নাদাল। চোটের কাছে হার মেনেই টেনিসকে বিদায় বলতে হলো স্প্যানিশ ম্যাটাডোরকে। এক ভিডিও বার্তায় নাদাল বলেন, ‘আমি এসেছি আপনাদের এটি জানাতে যে, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে কয়েকটি বছর খুব কঠিন কেটেছে, বিশেষ করে সর্বশেষ দুটি বছর। আমার মনে হয় (চোটের কারণে শারীরিক) কিছু সীমাবদ্ধতা নিয়েই আমাকে খেলতে হয়েছে। এটা (অবসরের ঘোষণা) নিঃসন্দেহে কঠিন একটি সিদ্ধান্ত। এ কারণেই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। কিন্তু এ জীবনে সবকিছুরই শুরু আর শেষ আছে।’
চোটের কারণে লম্বা সময় কোর্টের বাইরে থাকার পর এ বছরের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন নাদাল। কিন্তু আবার ঊরুর চোটে পড়ে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ ওপেনসহ নাদাল চারটি টুর্নামেন্ট খেলেন। সর্বোচ্চ ১৪ ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল এ বছর ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। কোনো একটি গ্র্যান্ড সø্যাম এতবার জেতার রেকর্ড আর কারও নেই।
এ বছর প্যারিস অলিম্পিকে সিঙ্গেল ও ডাবলসে খেলেছেন নাদাল। ক্যারিয়ারে সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা। টেনিসের উন্মুক্ত যুগে যেটা পঞ্চম সর্বোচ্চ। আর পুরুষ টেনিসে গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ডে নাদাল দ্বিতীয় স্থানে থেকে ক্যারিয়ার শেষ করছেন। তার চেয়ে বেশি গ্র্যান্ড সø্যাম আছে শুধু নোভাক জকোভিচের।
নাদালের বয়স যখন তিন, তার অ্যাঙ্কেল টনি নাদালের (টেনিস কোচ) কাছে প্রথম টেনিসে তালিম নেন। তার কথাতেই বাঁ-হাতে খেলা শুরু নাদালের, কারণ নাদাল বাঁ-হাতে খুব জোড়ে হিট করতে পারতেন বল। ১৫ বছর বয়সে পেশাদার টেনিস খেলা শুরু করেন। ২০০৪ সালে স্পেনকে ডেভিস কাপ জিততে সহায়তা করেন। সে সময় নাদাল হারিয়েছিলেন বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা অ্যান্ডি রডিককে। পরের বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আর্জেন্টিনার মারিনো পুয়ের্তোকে হারিয়ে গ্র্যান্ড সø্যাম জয়ের শুরু হয় নাদালের।
২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২০তম গ্র্যান্ড সø্যামে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার। নাদালের তখন গ্র্যান্ড সø্যাম ছিল ১৬টি, নোভাক জকোভিচের ১২টি। পরে ২০২২-এর অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড সø্যাম জেতেন নাদাল। ওই বছরই ফ্রেঞ্চ ওপেন জিতে গ্র্যান্ড সø্যাম সংখ্যা ২২ করেন। এরপর আর কোনো গ্র্যান্ড সø্যামের ফাইনালে উঠতে পারেননি নাদাল। পরে ২০২৩-এর ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাড়িয়ে যান জকোভিচ (২৩তম গ্র্যান্ড সø্যাম)। সার্বিয়ান এই কিংবদন্তির গ্র্যান্ড সø্যাম সংখ্যা বর্তমানে ২৪টি।
ক্যারিয়ার নিয়ে খুশি নাদাল বলেন, ‘আমি মনে করি, যতটা ভেবেছিলাম, তার চেয়ে লম্বা আর বেশি সাফল্যময় ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’ নাদাল ধন্যবাদ জানিয়েছেন ক্যারিয়ার জুড়ে যারা তাকে উৎসাহ আর প্রেরণা জুগিয়েছেন। নাদাল বলেন, ‘আমি যা পেয়েছি, এর জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমি পুরো টেনিস ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই। এই খেলার সঙ্গে সম্পৃক্ত সব মানুষ, আমার সহখেলোয়াড়, আমার তীব্র প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানাই। আমি আমার ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’
গেল মাসেই ডেভিস কাপ ফাইনালে স্পেন স্কোয়াডে নাদালের নাম ঘোষণা করা হয়। ডেভিস কাপ হবে নভেম্বরের ১৯-২৪ তারিখ।
