সামান্য বৃষ্টি ও বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামের কাঁচা সড়কটি। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। মসজিদ, গোরস্থানে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। লাল মাটির কাদা মাড়িয়েই স্কুল-কলেজে যাতায়াত করে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটিতে পাহাড়ি লাল মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদায় পরিণত হয়েছে। রাস্তার অনেক জায়গায় ভেঙে যাওয়ায় হেঁটে চলার অবস্থায়ও নেই। জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তাদের দেখা মেলে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা সামছুল মিয়া বলেন, গত এক যুগে একবার এই কাঁচা রাস্তাটিতে লাল মাটি ফেলা হয়। পাহাড়ি লাল মাটির কারণে সামান্য বৃষ্টিতেই অনেক জায়গায় হাঁটু সমান কাদা হয়। মাঠের সব ফসল এই রাস্তা দিয়েই কৃষকের বাড়িতে নিতে হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তা জানা নেই।
স্থানীয় দাখিল মাদ্রাসার সুপার বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। জরুরি সেবার গাড়িসহ কোনো গাড়িই গ্রামের ভেতর প্রবেশ করতে পারে না। কেউ মারা গেলে কাদা ও ভাঙার কারণে দাফন-কাফনে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব বলেন, রাস্তাটি অনেক পুরনো। বর্তমানে কোনো প্রকল্প নেই। আসলে রাস্তাটি পাকা করতে আমার সাধ্যমতো চেষ্টা করব।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হুসাইন বলেন, প্রকল্প এলে ব্যবস্থা নেওয়া যাবে।
