অভিষিক্ত জেসুসের গোলে হাসল ব্রাজিল

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৯ এএম

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগের পাঁচ ম্যাচের চারটিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল ব্রাজিলকে। চিলির বিপক্ষে ম্যাচেও শুরুতে খুব ছন্দহীন ছিলেন সেলেসাওরা। এমনকি দ্বিতীয় মিনিটেই হজম করতে হয় গোল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুই অর্ধের দুই গোলে দারুণ জয় তুলে নিয়েছে দরিভাল জুনিয়রের দলটি। আলো কেড়েছেন ব্রাজিল জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ইগর জেসুস। অভিষেক রাঙিয়েছেন দুর্দান্ত গোলে। আর তাতে শুক্রবার সকালের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে ব্যর্থতার শেকল ভেঙেছে ব্রাজিল।

অবশ্য চিলির জুলিও মার্তিনেজ প্রাদানোস জাতীয় স্টেডিয়ামে শুরুর হাসি হেসেছিলেন স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে ফেলিপ লয়োলার অ্যাসিস্ট থেকে ব্রাজিলকে দাগা দেন এদুয়ার্দো ভারগাস। এরপর যেন আরও চেপে বসে চিলি। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। অপরদিকে বল দখলে অনেক এগিয়ে থাকলেও ব্রাজিলের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। তাই আসছিল না কাক্সিক্ষত গোল। সতীর্থদের বিবর্ণ ফুটবলের মধ্যেই আলো ছড়ান জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে জাল খুঁজে নেন বেতাফোগোর তরুণ ফরোয়ার্ড। ম্যাচ শেষে ২৩ বছরের জেসুসের কণ্ঠে, ‘মাঠে অবদান রাখতে পারা, গোল করতে পারা, শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করতে পারাটা দারুণ আনন্দের।’

আক্রমণাত্মক ফুটবলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৮৯তম মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন লুইস হেনরিক। এমন নৈপুণ্যে খুশি কোচ দরিভাল, ‘ভারসাম্য, স্থিতিশীলতা রেখে তরুণ দল গতি বাড়ানোর চেষ্টা করছে। এটি পরিষ্কার যে আমরা ধাপে ধাপে ও ধীরে ধীরে সেরা পথ বেছে নেওয়ার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত