পূজায় অঞ্জলি দেওয়া হলো না পিসি-ভাইপোর 

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫০ এএম

নেত্রকোনার কলমাকান্দায় পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সন্তানদের হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। পরিবারের চলছে শোকের মাতম। গ্রামের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন, হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮) ও বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী ও অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে পিসি ভাইপো।

স্থানীয় ও মৃতদের পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার হরিণধরা মাস্টার বাড়ির পূজাম-বে একই পরিবারের ছয়জন মিলে দুর্গাপূজার অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে ছোট একটি নৌকা করে বের হয়। বাড়ির পেছনে কালীবাড়ি খাল পার হওয়ার সময় সবাইকে নিয়ে নৌকাটি ডুবে যায়। সে সময় চারজন সাঁতরে খালপাড়ে গিয়ে ওঠেন। কিন্তু ঋতু ও অমিত উঠতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।’

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং প্রতি পরিবারকে মরদেহ সৎকারের জন্য নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা) মো. শহীদুল ইসলাম বলেন, পরে সময় আরও ১০ হাজার করে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত