নাটোরের সিংড়ায় ১৬ বছর ধরে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন ডাক্তার শান্তনু কুমার সাহা। প্রতিবছর দুর্গাপূজার মহানবমীতে ব্যতিক্রমী এ আয়োজন করেন তিনি। ১৬ বছরের ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। এতে পৌর এলাকার প্রায় ৩ হাজার নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা এবং ৩ লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে প্রদান করেন মন্দির কমিটি। ডাক্তার শান্তনু’র তত্ত্বাবধানে আটজন চিকিৎসক এই চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজক ডাক্তার শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর এ সেবা দিতে চাই। এবার ৩ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব। এ উৎসবকে আরও ছড়িয়ে দিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে চিকিৎসা দেই। মানুষের সেবা করতে পেরে আমি আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন দত্তপাড়া মন্দির কমিটির সভাপতি বিনোদ কুমার দত্ত, সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী প্রমুখ।
