বাসাবাড়িতে এই মুহূর্তে নতুন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়, তবে বড় মজুত আবিষ্কার হলে পরবর্তীকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগরের বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খননকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, ‘বর্তমানে দেশে গ্যাসের সংকট রয়েছে, তাই বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেব বলে আমরা মিথ্যা আশ্বাস দিতে পারব না। কেউ চাইলে গ্যাসের লাইন দেওয়া যাবে, তবে সেই লাইনে প্রতিনিয়ত গ্যাস সরবরাহ দেওয়া কঠিন হবে। তখন লাইন ও মিটার থাকলে গ্রাহককে চার্জ দিতে হবে। ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বাড়লে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রারও সংকট রয়েছে। বাপেক্সের মাধ্যমে যে গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে, তাও আমাদের প্রয়োজনের তুলনায় কম। যেখানে দেশে চার হাজার এমসি গ্যাস প্রয়োজন সেখানে আমরা তিন হাজার এমসি গ্যাস পাচ্ছি। আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।’
সফরের অংশ হিসেবে সকালে জিটিসিএলের বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ ইঞ্চি পাইপলাইন প্রকল্পের মেঘনাঘাট এলাকায় পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা। এ সময় ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের সব কাজ সম্পন্নের নির্দেশনা দেন তিনি।
দুপুরে উপদেষ্টা নোয়াখালীর বেগমগঞ্জের শ্রী শ্রী মহামায়া সার্বজনীন পূজাম-প পরিদর্শন শেষে সনাতন ধর্মের লোকজনের সঙ্গে মতবিনিময় এবং তাদের খোঁজ-খবর নেন।
