নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বাংলাদেশ। দুবাইয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তাতে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশের বিদায়।
এবার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা তিন ম্যাচই হারল নিগার সুলতানা জ্যোতির দল। আগের তিন ম্যাচের মতো গতকালও বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। এবার বিশ্বকাপে বাংলাদেশের দলীয় স্কোরগুলো হলো ১০৬, ১০৩, ৯৭ ও ১১৯।
দুবাইয়ে তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ২৩ রান তোলার পর প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নেন তাজমিন ব্রিটস (৪২ রান) ও আনিকা বশ (২৫)। বশকে ফাহিমা ফেরালে জুটি ভাঙে। ৫ রানের ব্যবধানে ব্রিটস বিদায় নিলেও মারিজান (১৩*) ও ট্রাইয়নরা (১৪*) দলকে জয় এনে দেন ১৬ বল বাকি থাকতে।
তার আগে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ কোনো রান করার আগেই হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে মারিজান কাপের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে সাথী রানি ও সোবহানা মোস্তারি ৩৬ রান যোগ করেন। সাথী ৩০ বলে ১৯ রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা তৃতীয় উইকেটে যোগ করেন ৪৫ রান। ইনিংসের ১৮তম ওভারে এমলাবার বলে বোল্ড হন মোস্তারি (৪৩ বলে ৩৮ রান)। স্বর্ণা আক্তারকে নিয়ে শেষ ১৭ বলে ২৫ রান যোগ করেন নিগার। শেষ পর্যন্ত নিগার অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩২ রান করে। ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইকরেটই ১০০ পেরোয়নি।
বি গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ করে পয়েন্ট উইন্ডিজ ও ইংল্যান্ডের। ২ পয়েন্টে বিদায় নিশ্চিত বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১০৬/৩ (মোস্তারি ৩৮, নিগার ৩২*; কাপ ১/১০)
দক্ষিণ আফ্রিকা নারী দল : ১৭.২ ওভারে ১০৭/৩ (ব্রিটস ৪২, আনিকে ২৫; ফাহিমা ২/১৯, রিতু ১/২২)
ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
