হিলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষকে বজ্রপাতের মতো দুর্যোগের হাত থেকে বাঁচাতে তালগাছের বীজ বপন কার্যক্রম শুরু করেছেন স্কুলের শিক্ষার্থীরা।
হিলির বৈগ্রাম টু পাইকপাড়া গ্রামের কাঁচাসড়কের দুই ধারে ফেরদৌস আলী মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কাউট টিমের শিক্ষার্থীরা তালগাছের বীজ বপন শুরু করেন। প্রথমে সড়কের দুই ধারে ৬শ তালগাছের বীজ বপন করেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ফাঁকা সড়কের দুই পাশে তালবীজ বপনের লক্ষ্য রয়েছে তাদের। শহরের বিভিন্ন স্থান থেকে তালের বীজ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিভিন্ন স্থানে বপন করা হচ্ছে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রহমতউল্লাহ বলে, আমরা সড়কে তালের বীজ বপন করতে এসেছি। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি বজ্রপাত বাড়ছে। এগুলো মোকাবিলায় আমরা তালের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ নিধন নয় রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অপরিসীম। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৃদুলা রহমান বলে, ধীরে ধীরে তালের গাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে তালের বীজ বপন করছি। যাতে করে প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ রক্ষা পায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীরা ভূমিকা পালন করতে পারে তার দৃষ্টান্ত তুলে ধরতে চাই। আমাদের দেখে অন্য শিক্ষার্থীরা যাতে এগিয়ে আসে।
স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব করে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে স্কাউট ইউনিটের পক্ষ থেকে। আমরা এই তালের বীজ বপন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের যেমন পরিবেশের প্রতি ভালোবাসা সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করছি। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার মতো বিষয় কিন্তু এই কর্মসূচির মাধ্যমে করে নিতে পারছি। ইদানীং অতিমাত্রায় বজ্রপাত সৃষ্টি হচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে প্রকৃতি থেকে তালগাছ কমে যাওয়া;যার ফলে বজ্রপাতে সাধারণ মানুষের মৃত্যুর বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ভয়াবহতা থেকে রক্ষার ক্ষেত্রে তালগাছ অন্যতম ভূমিকা রাখতে পারে।
