পোস্টমাস্টারদের ঘরে বন্দি সরঞ্জাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:০৮ এএম

রংপুরের পীরগঞ্জে ডাক বিভাগের পোস্ট ই-সেন্টারগুলোতে সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। গ্রামীণ জনগোষ্ঠীর দুয়ারে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি পোস্ট ই-সেন্টারে ডাক বিভাগ কম্পিউটার ও ইলেকট্রনিক্স সরঞ্জামাদি দিয়েছে। দীর্ঘ সময় ধরে তা ব্যবহার না করায় পোস্টমাস্টারের দোকান ও বাড়িতে এসব যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলার ১২টি পোস্ট ই-সেন্টারে একজন করে পোস্টমাস্টার, পিয়ন ও রানার রয়েছেন। উদ্যোক্তা রয়েছেন শুধু উপজেলা ডাকঘরে। এসব পোস্ট ই-সেন্টারে ডিজিটাল সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ডাক বিভাগ থেকে তিনটি ল্যাপটপ, একটি লেজার প্রিন্টার, একটি রঙিন প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মডেম, একটি কীবোর্ড ও মাউস দেওয়া হয়।

এসব সেন্টারে সংশ্লিষ্ট এলাকার একজন শিক্ষিত বেকার যুবককে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও পোস্টমাস্টাররা নিজেই সেই কাজ করেন। ফলে সাধারণ মানুষরা ই-সেন্টারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

পোস্ট ই-সেন্টারের সেবার মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার প্রিন্টিং, কম্পিউটার কম্পোজ, ছবি প্রিন্ট, স্ক্যানিং, ই-লার্নিং, ই-মেইল, ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেটে পরীক্ষার ফলাফল প্রিন্ট, চাকরির আবেদন, কৃষি তথ্য প্রদান, দেশ-বিদেশে ভিডিও কনফারেন্সে কথা বলাসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১২টি পোস্ট ই-সেন্টার থেকে কোনো সেবা কার্যক্রম পরিচালিত হয় না। কোনো কোনো সেন্টারের শুধু একটি সাইনবোর্ড দেখা গেছে। এসব সেন্টারে ডাক বিভাগের দেওয়া সরঞ্জামগুলো ব্যবহার না করে বাক্সবন্দি করে রেখেছেন সংশ্লিষ্ট পোস্টমাস্টাররা।

উপজেলার ভে-াবাড়ি বাজারের পোস্ট ই-সেন্টারের পোস্টমাস্টার হাবিবুর রহমান বলেন, ‘আমার পোস্ট অফিসের তিনটি ল্যাপটপের একটি নষ্ট হয়ে গেছে। পোস্ট অফিসের ঘর মাটির ও ভাঙা হওয়ায় এখানকার সব জিনিস আমার দোকানে রাখি।’

পীরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার আশরাফুজ্জামান বলেন, ‘বেশ কিছু পোস্ট ই-সেন্টারের অধীনে কিছু সেবা দেওয়া হচ্ছে। সরঞ্জামাদি ভালো না থাকার কারণে অনেক সেন্টার থেকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’

ই-পোস্ট সেন্টার থেকে জনগণ সেবা পাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে জেলা পোস্ট অফিস পরিদর্শক (আইপিও) মিলন কুমার রায় দেশ রূপান্তরকে মুঠোফোনে বলেন, ‘ওই প্রজেক্টের মেয়াদ শেষ হয়েছে। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত