আইপিএলের শুরুর আসর থেকেই মাঠে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে। টুর্নামেন্টের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। তার সঙ্গে আছেন জুহি চাওলা। পাঞ্জাব কিংসের মালিকানা থাকায় গ্যালারি মাতাতে দেখা যায় প্রীতি জিনতাকেও। রাজস্থান রয়্যালসে শিল্পা শেঠি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্যাটরিনা কাইফ এক সময় শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। কিন্তু বিপিএলের দশটি আসর পেরিয়ে গেলেও ঢাকাই সিনেমার কোনো তারকা ছিলেন না মালিকানায়। সেই অপূর্ণতা এবার ঘোচাতেই যেন এলেন ঢালিউড কিং শাকিব খান। নবাগত দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম কর্ণধার তিনি। তার সঙ্গে আছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেতা মামনুন হাসান ইমন।
ক্রিকেটের সঙ্গে প্রথমবার যুক্ত হয়েই তারা সাড়া ফেলে দিয়েছেন। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের একাদশতম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। উপস্থিত ছিলেন দুজনেই। মঞ্চে গিয়ে পটও তুলেছেন তারা। ক্রিকেটারের ‘হাট’ থেকে কেনার সময় তাদের কণ্ঠে ঘোষণা হয়েছে ক্রিকেটারদের নামও।
নবাগত দল ঢাকা নিয়েছে লিটন দাসকে। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন তিনি। এবারও দলটির নেতৃত্বে দেখা যেতে পারে তাকে। ব্যাটসম্যান হিসেবে আছেন তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দীপু, সাইম আইয়ুব। এই দলের হয়ে খেলবেন জনসন চার্লস। ওপেনার হিসেবে তিনি সঙ্গে পাবেন তামিমকে। এক্ষেত্রে লিটন হয়তো তিনেও ব্যাট করতে পারেন। উইকেট কিপার ব্যাটসম্যান স্টিফেন এসকিনেজিও দারুণ খেলেন। মোস্তাফিজুর রহমানের বল মিরপুরে খেলা কঠিন। ব্যাটসম্যানকে বোকা বানানোতে সিদ্ধহস্ত তিনি মিরপুরের মতো উইকেট পেলে। বিদেশিদের মধ্যে শাহনেওয়াজ দাহানিও হয়ে উঠতে পারেন ভয়ংকর। অলরাউন্ডার হিসেবে আছেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা। ফিনিশার হিসেবে খ্যাত এই পেসার ম্যাচ বের করে নিয়েও আসতে পারেন। সব মিলিয়ে মাঝারি মানের দলই গড়েছে শাকিবের ঢাকা।
ড্রাফট শেষে শাকিব কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও। সেখানে বলেছেন, ‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে। এক সঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে ক্রিকেট ও সিনেমার দর্শক মিলে যেন একটা মহাবিস্ফোরণ দেখেছি।’
ক্রিকেট-সিনেমার সম্মিলনের বিস্ফোরণটা ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে থাকলে আরও বেশি হতো কি না, এ নিয়ে আলোচনা আছে। যদিও শাকিব খানের মনে হচ্ছে, দুজন দুই দলে থাকায় রোমাঞ্চটা আরও বেশি, ‘আপনি যেমন বলছেন দুজন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছে, দুজনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরও খুব ভালো লাগবে।’
সহজে যার প্রতিরোধ করা যায় না তাকে এক কথায় বলা হয় দুর্বার। বিপিএলের একাদশতম আসরের নবাগত দল রাজশাহী। নামের সঙ্গে জুড়ে নিয়েছে তারা ‘দুর্বার’ শব্দটি। কিন্তু নামের সঙ্গে মাঠের পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়ে জেগেছে শঙ্কা। কারণ চার ঘণ্টার প্লেয়ার্স ড্রাফট শেষে তারা কিনেছে মাত্র ১২ জন ক্রিকেটারকে। যার মধ্যে আগেই তারা দলে নিয়েছিল এনামুল হক বিজয়কে। বাকিদের মধ্যেও তারকা বলতে ঐ হাতেগোনা কয়েকজনই। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল গড়েছে চ্যাম্পিয়নের মতো করেই।
বিজয়কে ছাড়াও ড্রাফট থেকে তারা দলে নিয়েছে হালের সেরা গতি তারকা তাসকিন আহমেদকে। এছাড়া উদীয়মান ক্রিকেটার জিশান আলমকে। পাশাপাশি আছেন আকবর আলি, ইয়াসির রাব্বি, শফিউল ইসলামসহ জাতীয় দলের হয়ে খেলা একাধিক ক্রিকেটারকে। আকবরের এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি। বাকিরা অফ ফর্মে। সঙ্গে আছেন ঘরোয়া ক্রিকেটের কয়েকজন ক্রিকেটার।
যাদের নিয়ে বলা যায় বিপিএলের এবারের আসরের সবচেয়ে দুর্বল দলটা তারাই গড়েছে। তবে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপির মতে তারা প্রত্যাশিত দলই গড়েছেন। ভাবনায় থাকা দুই একজন ক্রিকেটার হাতছাড়া হয়েছে তাদের। বলেছেন, ‘সিনিয়র এবং ইয়াংদের কম্বিনেশনে যে রকম দল হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আমরা প্রথম ডাকেই তাসকিনকে নেব, এটা আমাদের পূর্বপরিকল্পনায় ছিল। আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি। এছাড়া জিশানকে আমরা সরাসরি সাইনে নিয়েছিলাম। কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র সেটা আমরা একদিনের মধ্যে তৈরি করতে পারিনি। সাইনিংটা আমরা ড্রাফটের পর করতে চেয়েছিলাম। সেই প্রস্তাব দিলে জিশান রাজি হয়নি। বিসিবিও তাকে বলেছিল। কিন্তু তার নাম সরিয়ে নিতে অনুরোধ করলে নামটা ড্রাফটে ওঠে। পরে আমরা তাকে ড্রাফট থেকেই দলে নিয়েছি।’
ড্রাফট থেকে বিদেশি কম নিলেও সরাসরি আরও কিছু বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে বলেও জানালেন তিনি। ঘাটতি পূরণ বিদেশিদের দিয়েই করবেন তারা।
দুর্বারের দল দুর্বল হলেও দুর্দান্ত দল হয়েছে ফরচুন বরিশাল। তারা আজ ড্রাফট থেকে নিয়েছে ২২ জন ক্রিকেটারকে। ধরে রেখেছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। এছাড়া আজ ড্রাফট থেকে শুরুতে নেয় মাহমুদউল্লাহ রিয়াদকে। পরে রিশাদ হোসেনকেও দলে নিয়েছিল তারা। বিদেশিদের মধ্যে আছেন ডাভিড মালান আর পাথুম নিশাঙ্কারা। জেমস ফুলার গত বছর বরিশালের চ্যাম্পিয়ন দলের সদস্য। সবমিলিয়ে অসাধারণ একটি দল হয়েছে তাদের।
দলটির মালিক মিজানুর রহমান বলেছেন, ‘তারা তাদের প্রত্যাশানুযায়ী ক্রিকেটার পেয়েছেন। ব্যালেন্সড একটা দল হয়েছে। তাদের নিয়েই আমরা চ্যাম্পিয়ন হতে পারব বলে বিশ্বাস রাখি।’
এদিকে ১১ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। প্রথম দুই আসরে দলটির সঙ্গে খেলা এনামুল হক জুনিয়র ও শন টেইট এবার দলটিতে আছেন কোচের দায়িত্বে। ঐ সময়ের কোচ খালেদ মাহমুদ সুজন এবার দায়িত্ব পালন করবেন ম্যানেজার হিসেবে। দলে ভিড়িয়েছে তারা এবার সাকিব আল হাসানের মতো তারকাকে। রংপুর রাইডার্স থেকে কীভাবে পেলেন সেই গল্প শোনালেন সামির কাদের চৌধুরী। ড্রাফট শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা ১১ বছর পর এই টুর্নামেন্টে ফিরেছি। আগেও বহুবার চেষ্টা করেছি। কিন্তু নানা কারণে সেটা হয়নি। শুরু থেকেই চেষ্টা ছিল ব্যতিক্রম কিছু করার। যখনই সাকিব আল হাসানের বিষয়ে আমরা ক্লিয়ারেন্স পাই তখনই রংপুর রাইডার্সের সঙ্গে যোগাযোগ করি। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সাকিবকে দলে নিয়েছি। এছাড়া এনামুল হক জুনিয়র ও শন টেইট আমাদের শুরুতে দলে ছিলেন। সেই সম্পর্কের সূত্র ধরে এবার তারা কোচের ভূমিকায় এসেছেন।’
