ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল কৃষকের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৬ এএম

রাজবাড়ীতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোতালেব সরদার (৭২)। তিনি একই গ্রামের মুন্দির সরদারের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, মোতালেব সরদারের বাড়ির পেছনে তার ধানক্ষেত রয়েছে। ইঁদুরের উপদ্রব থেকে ধানক্ষেত রক্ষা করতে তিনি কেবল দিয়ে ফাঁদ বানিয়ে রাতে বিদ্যুৎ সংযোগ দিতেন এবং সকালে সংযোগ বিচ্ছিন্ন করে রাখতেন। কিন্তু গত রবিবার রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরদিন সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি। পরে গতকাল সকালে তিনি ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে মোতালেব সরদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত