সিইউএফএলে আট মাস পর উৎপাদন শুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৭ এএম

আট মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন শুরু হয়েছে।

গত রবিবার রাত পৌনে ১টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন চলছে। যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে গত ৭ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল উৎপাদন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানায় এখন পুরোদমে ইউরিয়া উৎপাদন চলছে।

কারখানা সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর মধ্যে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রিসাইকেল সলিউশন পাম্পে ত্রুটি দেখা দেয়। পরে রিসাইকেল (আরসি) পাম্প, ফিলিং টাওয়ার, স্ক্র্যাপার বেডের গ্লাস-ক্লথ পরিবর্তনসহ ২৮০টি সংস্কারকাজ কারখানা বন্ধ থাকা অবস্থায় করা হয়। এ কাজগুলো প্রত্যক্ষভাবে তদারক করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। যার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর গ্যাস সরবরাহ পেয়ে কোনো জটিলতা ছাড়াই রবিবার রাতে উৎপাদনে যাওয়া সম্ভব হয়েছে।

সিইউএফএলের শ্রমিক নেতা ও বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ জানান, কারখানাটি চালু হওয়ায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কারখানায় গ্যাস সরবরাহ দেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চলমান থাকলে দেশের সার সংকট নিরসনে কারখানাটি অগ্রণী ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত