নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ২৩ সেপ্টেম্বর দুই চালককে মারধর করে ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গতকাল মঙ্গলবার সকালে আটক করেছে যৌথ বাহিনী।
উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
ওসি জানান, গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে।
ওই প্রকল্পে বেশ কিছুদিন যাবৎ পিন্টু ঝামেলার চেষ্টা করে আসছিলেন বলে প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন।
