বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে বিচারপ্রার্থীকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না। কোনো বিচারক তার আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্রশক্তিকে পরোয়া করবেন না। রাষ্ট্রের আইন এবং বিবেক-শক্তি দিয়ে বিচারকাজ পরিচালনা করবেন। আমরা শুনতে চাই না, বিচারকের আসনে বসে বিচারকরা ঘুষ খান।’
গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকেরপাড় পৌর মুক্তমঞ্চে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হাজার প্রাণের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের পঙ্গুত্ব ও আহত হওয়ার মধ্য দিয়ে এই বিপ্লব সংঘটিত হয়েছে। সেসব শহীদ পরিবারের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। পাঠ্যপুস্তকে তাদের যথাযথভাবে ফুটিয়ে তোলার ব্যবস্থা করুন। ইতিহাস সঠিকভাবে তুলে ধরুন। প্রত্যেকটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরি দিন।’
