ক্লাব ও জাতীয় দল মিলে দারুণ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে টানা পাঁচ ম্যাচে পেয়েছিলেন গোল। কিন্তু নেশনস মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে গোল পেলেন না রোনালদো। তার দলও জিততে পারেনি। গ্লাসগোতে স্কটল্যান্ড-পর্তুগাল ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে চার খেলা থেকে ১০ পয়েন্ট নিয়ে এ লিগের এক নম্বর গ্রুপ থেকে কোয়ার্টয়ার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল।
ম্যাচে ১৪টি শট নিলেও লক্ষ্যে ছিল মোটে চারটি। ‘প্ল্যান বি’ বলে কিছু কি ছিল পর্তুগালের? সেই প্রশ্নের উত্তরে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘আমাদের যত প্রতিভা আছে, আমাদের ফুটবলাররা, ওরাই প্ল্যান এ, বি, সি, ডি, ই...। ভেতরে অনেক ফুটবলার আছে আমাদের, বাইরেও আছে অনেক।’ এদিন রোনালদো পুরো ম্যাচই খেলেন। আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার অপেক্ষা বাড়ালেও ইউরো চ্যাম্পিয়ন স্পেন চার ম্যাচ খেলেই নিশ্চিত করে ফেলেছে শেষ আট। স্পেন ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। তাতে এ লিগের চার নম্বর গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশরা।
