কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করার সময় আট বাংলাদেশি নাগরিক ও ১২ রোহিঙ্গাকে উদ্ধার এবং তিন দালালকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন দালালকে আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার দীল মোহাম্মদের স্ত্রী লুনা বেগম (৩৬) ও একই এলাকার মো. ইউনুছের ছেলে মো. রিদুয়ান (১৯) এবং সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার সাকের হোসাইনের ছেলে মো. আবদুল্লাহ (২১)। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের এবং বাংলাদেশি নাগরিকরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
টেকনাফ থানার ওসি গিয়াস বলেন, দক্ষিণ লম্বরী এলাকার এক ব্যক্তির ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাসহ বেশ কিছু লোকজন জড়ো করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।
