বগুড়ায় আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম

বগুড়ায় ডিবি পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা ও হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ডিবি পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকায় ও বুধবার (১৬ অক্টোবর) রাতে যৌথ বাহিনী জেলার শাজাহানপুরে এই অভিযান পরিচালনা করে।

জেলা ডিবি পুলিশ জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। এ সময় অভিযানে জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)। গ্রেপ্তারকৃতরা সারিয়াকান্দি থানায় ২ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় তিন আসামি।

অপরদিকে বুধবার রাত ২টার দিকে বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমদাদুল হককে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার আমরুল  ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও ওই ইউনিয়নের ফুলকোট  গ্রামের আশরাফ আলীর ছেলে। তিন প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে তার বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র চারটি বড় হাসুয়া, একটি ছোরা, পাঁচটি ককটেল, একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি ও একটি চায়না গুলির খোসা উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত