হাইকোর্টে ৫৩ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ এএম

এক মাসের বেশি অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ২৯টি দ্বৈত ও ২৫টি একক বেঞ্চ। গতকাল বৃহস্পতিবার বেঞ্চ গঠন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে, বেঞ্চ পাননি গত বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর ছুটিতে যাওয়া ছয়জনসহ হাইকোর্টের ১২ বিচারপতি। প্রধান  বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিতে বলা হয়েছে যে, আগামী ২০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো গঠন করা হলো।

যারা বেঞ্চ পাননি তারা হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি এস এম মনিরুজ্জামান। তাদের মধ্যে শেষোক্ত ছয় বিচারক গত বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়। অন্য ছয় বিচারকও ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়। 

‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ ‘দলবাজ’ ‘আওয়ামী মদদপুষ্ট’ বিচারপতিদের অপসারণে গত বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওইদিন বিকেলে জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা। শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। একই সঙ্গে অনৈতিক কর্মকা-ের অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর রবিবার শুনানি হবে বলে জানান তিনি। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা  বিকেল ৪টার পর সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত