‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার আইনজীবী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ এএম

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার এক আইনজীবীকে মারধর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী তাকে কিল-ঘুসি-লাথি মারতে থাকেন। পরে কয়েকজন আইনজীবী তাকে উদ্ধার করে নিয়ে যান।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ওই আইনজীবী আসামিদের পক্ষে ছিলেন বলে জানতে পেরেছি।

কোতোয়ালি থানার ওসি এনামুল বলেন, সকালে এ ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আদালত প্রাঙ্গণে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের আধিপত্য চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত