কুড়িগ্রাম পৌর শহরের হানাগড় থেকে ক্যাতক্যাতার মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার বেহাল সড়কটি প্রায় ২০ বছরেও সংস্কার করা হয়নি। এ কারণে ওই সড়কে যাতায়াতে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পোহাতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসী চাঁদা তুলে চলতি মাসের ১২ তারিখ থেকে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারে নেমেছেন। রাস্তাটির কাজ শেষ হতে আরও তিন থেকে চার দিন লাগতে পারে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হানাগড়ের মাথা থেকে ক্যাতক্যাতার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক গত ২০ বছরেও সংস্কার হয়নি। ২০১৭ সালের বন্যায় সড়কটি আরও বিধ্বস্ত হয়ে পড়ে। এর ফলে ৬ নম্বর ওয়ার্ডের চারটি গ্রাম এবং পাশের দুটি ইউনিয়নের শতশত মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্ন সময়ে মেয়রদের জানালেও তারা সড়কটি সংস্কারে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সড়কটির সংস্কার কাজে অংশ নেওয়া মনজুরুল ইসলাম বলেন, ‘আমরা নামমাত্র পৌর শহরে বসবাস করছি। সব প্রকার কর দিলেও আমরা পৌর সভার সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা কথা দিয়ে কেউ কথা রাখেনি। বাধ্য হয়ে আমরা গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করছি। আশা করছি আর দুয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে।’ কুড়িগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিল জমসেদ আলী টুংকু মিয়া বলেন, ‘সড়কটির বিষয়ে বারবার কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করছে।’
