কাজে যোগ না দিয়ে আত্মগোপনে থাকা পুলিশের ১৮৭ কর্মকর্তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগ দেননি। তারা আর পুলিশ বাহিনীর নেই। আমি ধরে নিয়েছি তারা সন্ত্রাসী। তাদের যদি পাওয়া যায়, গ্রেপ্তার করা হবে।’
গতকাল শনিবার দুপুরে রাজশাহী-১ বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন, তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।’ এ সময় সাংবাদিকদের কাছে তথ্য থাকলে সেটিও দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ ১৫ বছর ধরে হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশনে আসতে হবে। তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশ পুরোদমে কাজে যোগ দিতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা নয়। ৫ আগস্টের পর যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দু-চার দিনে এটা করে দেব। আস্তে আস্তে এটা উন্নতি হচ্ছে।’
কৃষি খাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন, ‘কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করতেছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে। দু-একজনকে অলরেডি আমরা কাস্টরিতে নিয়ে নিয়েছি।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিবি-১-এর সিইও, সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফরকারীরা উপস্থিত ছিলেন।
