তেল বিস্ফোরিত হলে মারাত্মক ক্ষতি হতো

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম

তেল ও পণ্য পরিবহন করেই বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বছরে ২৫০ কোটি টাকার বেশি নিট লাভ করছে। দেশের সরকারি সংস্থাগুলো যেখানে একের পর এক লোকসানি প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাচ্ছে, সেখানে বিএসসির এ আয় অবশ্যই দেশের অর্থনীতির জন্য সুখবর। ১৯৭২ সালে ‘বাংলার দূত’ দিয়ে বিএসসির যাত্রা শুরু হওয়ার পর  বহরে একসময় ৪৪টি জাহাজ থাকলেও লাভের মুখ দেখেনি। এখন মাত্র আটটি জাহাজ দিয়েই বছরে নিট ২৫০ কোটি লাভ করছে। কিন্তু এই লাভের রাজ্যে হানা দিয়েছে দুর্ঘটনার ছোবল। পরপর দুটো জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’ বিস্ফোরণ এবং অগ্নিকা-ে অকার্যকর হয়েছে। ৩৭ বছরের পুরনো এই জাহাজ দুটির এখন স্ক্র্যাপ হিসেবে পরিসমাপ্তি ঘটবে। আগুন লাগার কারণ ও বিএসসির আগামী পরিকল্পনা নিয়ে দেশ রূপান্তর চট্টগ্রামের ব্যুরোপ্রধান ভূঁইয়া নজরুল কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক-এর সঙ্গে

দেশ রূপান্তর : ৩৭ বছরের পুরনো জাহাজটি দিয়ে আপনারা তেল পরিবহন করছিলেন কেন?

কমোডর মাহমুদুল মালেক : এই জাহাজ দুটি অনেক পুরনো, তাই জাহাজ দুটির বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম। বছরে প্রায় ২৫ কোটি টাকা খরচ হতো এই জাহাজ দুটির রক্ষণাবেক্ষণের জন্য। কোনো ইকুইপমেন্ট লাগলে বা মেরামতের প্রয়োজন হলে আমরা সঙ্গে সঙ্গে তা করতাম। আর বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) যেহেতু এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুড়িং) কমিশনিং করেছে, অল্প কিছুদিনের মধ্যেই তারা পুরোদমে চালু করার কথা। তাই স্বল্প সময়ের জন্য আমরা এই দুটো জাহাজ দিয়েই তেল পরিবহন করছিলাম। কারণ এসপিএম চালুর পর তেল পরিবহনের জন্য আর লাইটার জাহাজ (ছোট জাহাজ যা মাদার ভেসেল থেকে তেল পরিবহনের কাজ করে) কাজে লাগবে না। ফলে আমরা নতুন জাহাজ কিনলে তা অকার্যকর হয়ে যাবে, তাই এসপিএম চালু না হওয়া পর্যন্ত এই জাহাজ দুটি মেরামত করেই চালাচ্ছিলাম।

দেশ রূপান্তর : তাহলে পুরনো জাহাজ চলাচলের জন্য এসপিএম চালু না হওয়া একটি অন্যতম কারণ? কবে নাগাদ তা চালু হতে পারে?

মাহমুদুল মালেক : এসপিএম কবে চালু করবে, এটা অবশ্যই বিপিসির বিষয়। তারপরও যেহেতু তেল পরিবহনের কাজটি আমরা করে থাকি, সেজন্য আমাদের জানানো হয়েছে আগামী জুনের মধ্যে এসপিএম পুরোদমে সচল হয়ে যেতে পারে।

দেশ রূপান্তর : এখন যেহেতু দুই লাইটার জাহাজ অকেজো হয়ে গেছে; তাহলে তেল কীভাবে পরিবহন করবেন?

মাহমুদুল মালেক : এজন্য আমরা দেশীয় বা বিদেশি প্রতিষ্ঠান থেকে তেল পরিবহনের জন্য জাহাজ ভাড়া করব। সেই ভাড়া করা জাহাজ দিয়ে যত দিন এসপিএম চালু না হবে, তত দিন তেল পরিবহন করা হবে।

দেশ রূপান্তর : কিন্তু পরপর দুটো জাহাজ দুর্ঘটনার পর আবারও কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কি কোনো যোগসূত্র বা নাশকতা বলে মনে করছেন? নাকি দুর্ঘটনা?

মাহমুদুল মালেক : আমাদের দুটো জাহাজ পুরনো ছিল। কিন্তু জাহাজে কোনো কাজ না করলেও ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নোঙর করা অবস্থায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়া রহস্যজনক মনে হচ্ছে। আবার এ ঘটনার রেশ না কাটতেই চার দিনের মাথায় বহির্নোঙরে তেল নিয়ে অপেক্ষারত বাংলার সৌরভে মধ্যরাতে আগুন লাগা কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে যেহেতু উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তা অনুসন্ধান করছে, নিশ্চয় সঠিক কারণ বের হয়ে আসবে। সবচেয়ে ভালো খবর ছিল, উভয় জাহাজের প্রতিটিতে প্রায় ১১ হাজার টন করে ক্রুড অয়েল ছিল। অগ্নিকা-ে ওই তেল বিস্ফোরিত হলে কিংবা পানিতে ছড়িয়ে পড়লে অপূরণীয় বিপর্যয় হতো। আমরা তা থেকে রক্ষা পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত