সিন্ডিকেট ভাঙতে ‘বিনা লাভের বাজার’

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৬ এএম

বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে ‘বিনা লাভের বাজার’ চালু করেছেন। গতকাল সোমবার সকাল ৯টায় শহরের কলেজ রোড এলাকায় এই বাজার বসে। দুপুর পর্যন্ত বাজারে চলে বেচাকেনা।

সরেজমিন দেখা যায়, বাজারটিতে আকারভেদে লাউ ৫০-৬০ টাকা, ডিম প্রতিটি ১৩ টাকা, প্রতি কেজি আলু ৫০, পেঁয়াজ ১১৫, কাঁচা মরিচ ২০০, শসা ৫০, পুঁইশাক ৩০ টাকা, একটি লেবু ৫ থেকে ১০ টাকা ও প্রতি আটি ডাঁটাশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই কিনতে পারছেন, যা নিয়ে ভীষণ খুশি তারা।

ক্রেতা ইসরাফিল হোসেন বলেন, ‘এই বাজারে এসে দেখলাম, যে পুঁইশাক বাজারে ৮০ টাকায় কিনতে হয়, এখানে তা ৩০ টাকায় পাচ্ছি। পুঁইশাকের পাশাপাশি ডিম-মরিচ কিনলাম। সবকিছুর দাম একেবারেই কম। শিক্ষার্থীরা ভালো একটি উদ্যোগ নিয়েছেন। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তাদের মতো সবাইকে যার যার মতো এগিয়ে আসতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফারদিন শেখ বলেন, ‘আমরা ছাত্র আন্দোলন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং সর্বশেষ বিনা লাভের বাজারের কার্যক্রম হাতে নিয়েছি। বাজার মনিটরিং করতে গেলেই অনেক ক্রেতা ক্ষোভ নিয়ে আমাদের বলেন, আমাদের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এসব কথা শুনে নিজের বিবেকে বাধা দেয়। এ থেকেই আমাদের ছোট্ট প্রয়াস।’

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মাহবুব আলম রাফি বলেন, ‘সিন্ডিকেটের কারণে বাজারে প্রতিটি জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু করা প্রয়োজন ছিল। সেই তাগিদ থেকেই এই উদ্যোগ গ্রহণ করি। সাধ্যমতো বিভিন্ন পণ্য নিয়ে বাজার সাজিয়েছি। সকাল থেকেই আমরা ক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। সবাই আমাদের কার্যক্রমে সন্তুষ্টি জানিয়েছেন। ভবিষ্যতে আমরা আরও পণ্য বাড়ানোর চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত