নেত্রকোনায় চাঁদা না দেওয়ায় পণ্যবাহী ট্রাকের মালমাল লুটের ঘটনায় পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কি ঝুনু ও সহযোগী সমীরণকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভোরে শহরের বড়বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি লুট করে নেওয়া পেঁয়াজ, রসুন, গুড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলা শহরের নিউটাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কি ঝুনু (৩৫) ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরণ তালুকদার (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জিসানুল হায়দার জানান, গতকাল মঙ্গলবার ভোরে শহরের বড়বাজারের অজহর রোডে সহযোগীদের নিয়ে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদা দাবি করেন রফিক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালককে জিম্মি করে ট্রাকের মালামাল লুট করে নিয়ে যান তারা। পরে ট্রাকচালক এ ঘটনা সেনা ক্যাম্পে জানালে দ্রুত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করে। পলায়নরত অন্য চাঁদাবাজ পুকুরে ঝাপ দিয়ে পালাতে চেষ্টা করলেও সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে তাদের নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সেনাবাহিনী।
এদিকে এ ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রফিককে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
