নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত চত্বরে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা আমার পরিবারকে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে আমার চরিত্র হরণ করতে মিথ্যা মামলা করিয়েছিল। আজকে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মামলার বাদী দ্বিতীয় স্ত্রী ঝর্না আদালতকে জানিয়েছেন তিনি কালেমা পড়ে মামুনুল হককে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেছেন। তিনি মামুনুল হকের বৈধ স্ত্রী। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু কোনো সাক্ষীর সাক্ষ্যতে মামুনুল হককে দোষী প্রমাণ করা যায়নি।
