জাতীয়তাবাদী নামে কেউ সংগঠন সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে যারা বা বিভিন্ন নাম যোগ করে সংগঠন করলে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘মূলত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতিত হলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল লুটপাট ও চাঁদাবাজি করে যাচ্ছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম প্রমুখ।
