রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে (পঙ্গু হাসপাতাল) দুজনকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গতকাল দুপুরের এই ঘটনা ঘটে। হাড়গোড় প্রতিস্থাপনের জন্য নাটবল্টু সাপ্লাই ব্যবসায় আধিপত্য বিস্তারের জের ধরে গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুরিশ।
গুলিবিদ্ধরা হলেন, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রুবেল ও হাসপাতালের সামনের চায়ের দোকানদার মান্নান। এই সময় স্থানীয় জনতা রনি শেখ রুবেল নামে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শেরেবাংলা
নগর থানার ওসি মোজাম্মেল হক দেশ রূপান্তরকে বলেন, ‘এই ঘটনায় একজন আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এ ঘটনার সময় ১০ থেকে ১২ জন এসেছিল। এখানে ব্যবসায়িক আধিপত্য বিস্তারের জন্য এক পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। হাসপাতালে হাড়গোড় প্রতিস্থাপনের জন্য যেসব নাটবল্টু লাগে সেগুলো এত দিন ধরে সাপ্লাই দিয়ে আসছিল জসিম নামে এক ব্যক্তি। তাকে সরিয়ে অন্য একজন এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারই জেরে এই গুলির ঘটনা।’
জিজ্ঞাসাবাদে পুলিশকে রনি জানিয়েছে, অস্ত্র চালিয়ে ছিল রাকিব নামে একজন। তারপর রনির হাতে দিয়ে পালিয়ে যায়। পঙ্গু হাসপাতালের সামনে তার একটি ফলের দোকান রয়েছে। এ ঘটনায় থাকা দুষ্কৃতকারীদের মধ্যে আকাশ নামে একজন আছেন।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। যদিও ঘটনার মূল হোতার নাম জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
