ক্যারিয়ারের 'সবচে বাজে শট খেলে আউট' কোহলি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংসের স্কোর তখন ৫৬/২। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে মাত্র ১ রান করে বিতর্কিত এক শটে আউট হয়ে গেলেন দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি। পুনে টেস্টের দ্বিতীয় দিনের ২৪তম ওভারের চতুর্থ বলে বেশ খানিকটা ফ্লাইট দেন বাহাতি স্পিনার মিচেল স্যান্টনার। বলটি নিচু ফুল টস হয়ে কোহলির সামনে পড়েছিল। সোজা ব্যাটে খেলার পরিবর্তে বলটিকে পা বাড়িয়ে আড়াআড়ি শটে লেগ সাইডে মারার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে বল না লাগায় বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এই অপ্রত্যাশিত আউটটি সবাইকে হতবাক করে দেয়।

শটটি যে বাজে ছিল বুঝতে পেরে কিছুক্ষণ এভাবেই বসে থাকেন বিরাট কোহলি
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার কোহলির আউটের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'বিরাট কোহলি জানে, সে এই মাত্র ক্যারিয়ারের সবচেয়ে বাজে শট খেলে আউট হলো। খারাপ লাগছে তার জন্য... কারণ, সে সব সময় নিখাদ ও সৎ মানসিকতা নিয়ে (ব্যাটিংয়ে) আসে।' কোহলির আউট হওয়া যেন ভারতের ইনিংসে বিপর্যয় ডেকে আনে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৫৯ রানের জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়। এরপর ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড, তবে কোহলির এই আউট নিয়ে আলোচনা থামেনি।

ধারাভাষ্যকার হার্শা ভোগলে এক্সে করা পোস্টে বলেন, 'গ্রেটদেরও এমন হতে পারে। এই (ভিডিও) রিপ্লেটা বিরাট কখনো দেখতে চাইবে না।' এছাড়া কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে মন্তব্য করেছেন, 'সম্ভবত (ঘরোয়ায়) ম্যাচ পরিস্থিতিতে একটি বা দুটি ইনিংস তাঁকে সাহায্য করত। শুধু অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাটা বেশি উপকারী...তবে আমার মনে হয় না স্পিনের বিপক্ষে তার ভোগান্তির এটাই একমাত্র কারণ হিসেবে আমরা মনে করতে পারি।'

কোহলির আউটের পর সেই মুহূর্তে ক্রিজে বসে মাথা নিচু করে ছিলেন কিছুক্ষণ, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তবে ততক্ষণে যা হওয়ার, হয়ে গেছে। এশিয়ান কন্ডিশনে স্পিনের বিপক্ষে কোহলির পারফরম্যান্স গত কিছু দিনে হতাশাজনক। ২০২১ থেকে এ পর্যন্ত স্পিনারদের বিপক্ষে এশিয়ান পিচে ২৮.৮৫ গড়ে মাত্র ৬০৬ রান করতে পেরেছেন তিনি, যেখানে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে তাঁর গড় ২৭.১০। টেস্টে ক্যারিয়ারের গড় ৪৮.৪৮ হলেও সাম্প্রতিকসময়ে  স্পিনারদের বিপক্ষে নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না কোহলি।

বিশ্লেষকদের মতে, স্যান্টনারের ওই বল কোহলি অফ সাইডে অধিক ফিল্ডার দেখে হয়তো আগেই লেগ সাইডে খেলতে মনস্থির করেছিলেন। অনিল কুম্বলে বলেন, 'সে আগেই লেগে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ফুল টস ভুগিয়েছে। শট খেলার সময় ব্যাটও পিচে লেগেছে, তাতে ব্যাট চালানোর গতিটা স্বাভাবিক থাকেনি।'

এই আউটকে সামনে রেখে সমালোচকদের মন্তব্য, ভারতের মতো স্পিন-প্রিয় ব্যাটসম্যানরা ঘুমিয়েও স্পিন খেলতে পারেন—এটি আর প্রযোজ্য নয় কোহলির ক্ষেত্রে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত