গাইবান্ধায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৫ এএম

গাইবান্ধার সাঘাটায় শ্রীধাম চন্দ্র দাস (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বোনারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের মাঝিপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রীধাম চন্দ্রের বাড়ির পাশের মন্দির ঘেঁষে সরকারি বিল লিজ নেন একই উপজেলার শিমুলতাইড় গ্রামের মিলন মিয়া, রফিকুল ইসলামসহ কয়েকজন। বিলে মাছ চাষ করার জন্য মন্দিরের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নেন তারা। দীর্ঘদিন বিদ্যুতের বিল পরিশোধ না করায় শ্রীধাম চন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ নিয়ে শ্রীধাম চন্দ্র ও মিলন মিয়ার মধ্যে তর্কবিতর্ক হয়। এর জেরে মিলন মিয়া ও তার সহোদর ভাই আবু কালাম, এরশাদ মিয়া, লিটন মিয়া ও রফিকুল ইসলাম সংঘবদ্ধ হয়ে শ্রীধাম চন্দ্রকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাঘাটা থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশনের সামনে একটি ঝোঁপে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত চালক মো. হানিফ (৬০) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।

গাজীপুরের কালিয়াকৈরের গাবতলী এলাকায় স্ত্রীসহ শ^শুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে ওই এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর এলাকার আমজাদ শিকদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুনে জাহাঙ্গীর আলমের সঙ্গে গাবতলী এলাকার সালাউদ্দিনের মেয়ে কানিজ ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর জাহাঙ্গীর শ^শুরবাড়িতে থাকতেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। গতকাল সকালে জাহাঙ্গীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তার স্ত্রীসহ শ^শুরবাড়ির লোকজন জাহাঙ্গীরকে হত্যা করেছে। পরে তারা স্ট্রোক করে তার মৃত্যুর অপপ্রচার চালিয়েছে। কালিয়াকৈর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত