সংস্কারের জন্য মানুষ অনন্তকাল অপেক্ষা করবে না : গয়েশ্বর

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:২০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘রাজনীতির বাইরে যে সংস্কার আসে সেটা কল্পনার সংস্কার, সেই সংস্কার বাস্তবতার সঙ্গে অনেক অমিল থাকে, এই কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করেন। সংস্কারের জন্য মানুষ অনন্তকাল অপেক্ষা করবে না।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা সংস্কার কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম তখন সব দলের মতামতের ভিত্তিতে সেটাকে আরও পরিমার্জিত করে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা এই সরকার পতনের আগে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। সুতরাং নতুন সংস্কারের গীতিকারের প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম মাসের পর মাস প্রয়োজন নেই। আমরা যে ৩১ দফা দিয়েছি সেখানে যদি কিছু পরিমার্জিত করা লাগে সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।’

গয়েশ্বর বলেন, ‘রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করবেন। রাজনীতির বাইরে যে সংস্কার আসে সেটা কল্পনার সংস্কার সেই সংস্কারে বাস্তবতার সঙ্গে অনেক অমিল থাকে। এ কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করেন। যেহেতু আমরা সবাই একমত হয়েছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি সেগুলো আপনারা দেখেন। আপনারা যারা দায়িত্ব পেয়েছেন একসঙ্গে বসেন, দেখেন কোন শব্দটা ভুল কোনটা বানান ভুল। তারপর জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন।’ তিনি বলেন, ‘একটা দল নিষিদ্ধ হয়েছে তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে না। সবাই তো আরাম-আয়েশে ঘোরাফেরা করছে। ছাত্রলীগ নিষিদ্ধের পরে জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছে এই বক্তব্য মিডিয়ায় প্রচার কতটুকু যৌক্তিক?’

গয়েশ্বর বলেন, ‘দেশে মাথাপিছু আয়ের চেয়ে মাথাপিছু ঋণ বেশি আছে। কারণ  স্বৈরাচার শেখ হাসিনা সরকার বছরের পর বছর লাখ লাখ কোটি টাকা বাজেট দিয়ে ১৫ বছরে মাত্র ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এই টাকা দেশে আনা প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত