ইসরায়েলি সেনাদের ট্রমার সঙ্গে যুদ্ধ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৫৬ এএম

এক বছর আগে ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর ৪০ বছর বয়সী এলিরান মিজরাহিকে পাঠানো হয়েছিল গাজায়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু তিনি দেশে ফেরেন এক ‘ভিন্ন মানুষ’ হয়ে। তার পরিবার বলছে, গাজায় যুদ্ধে গিয়ে মিজরাহি যা দেখেছেন, তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যুদ্ধে যাওয়ার ছয় মাস পর বাড়ি ফিরে তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন। ফের যুদ্ধে পাঠানোর আগে তিনি আত্মাহুতির পথ বেছে নেন। তার মা জেনি মিজরাহি বলছিলেন, সে গাজা ছেড়ে ফিরে এসেছিল, কিন্তু গাজা তাকে ছাড়েনি। পোস্ট-ট্রমার কারণে তার মৃত্যু হল। গাজা যুদ্ধের ভয়াবহতা দেখে এলিরান মিজরাহির মতো মনোপীড়ায় আক্রান্ত ইসরায়েলি সৈন্যদের গল্প এক প্রতিবেদনে তুলে এনেছে সিএনএন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, যুদ্ধের সময় মানসিক আঘাতে পিটিএসডি বা মানসিক অসুস্থতায় ভোগা হাজার হাজার সেনা সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কতজন যুদ্ধের দহন থেকে মুক্তি পেতে এলিরান মিজরাহির মতো আত্মহননের পথ বেছে নিয়েছেন, সেই সংখ্যা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। অবশ্য সামরিক তথ্যের ভিত্তিতে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ বছরের ১১ মের মধ্যে আত্মহত্যা করেছেন অন্তত ১০ সৈন্য। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যে হামলার পর ওই যুদ্ধের সূত্রপাত, সেই হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষের প্রাণ যায়, জিম্মি করা হয় ২৫০ জনকে। ইহুদি রাষ্ট্রটি গঠনের পর থেকে আর কখনো নিজেদের পক্ষে এত প্রাণক্ষয় দেখতে হয়নি।

গাজার যুদ্ধ এখন লেবাননেও ছড়িয়েছে। ইসরায়েলের অনেক সেনা সদস্য এখন ভয়ে আছে, তাদের হয়তো আরেক যুদ্ধে ডাক পড়বে। গাজায় চার মাস দায়িত্ব পালন করা আইডিএফের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, আমাদের মধ্যে অনেকেই ভয়ে আছেন। তারা ভাবছেন, হয়তো তাদের লেবাননে যুদ্ধ করতে পাঠানো হবে। এই মুহূর্তে আমরা অনেকেই সরকারের ওপর আস্থা রাখতে পারছি না।

সিএনএন বলছে, এলিরান মিজরাহিকের মতো অনিয়মিত সেনা (রিজার্ভিস্ট) ইয়োতাম ভিল্ক স্বেচ্ছায় ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে যান। এরপর তিনি গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ২৩০ দিন কাটিয়েছেন। এ যুদ্ধ তার জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। এখন আর তিনি যুদ্ধে যেতে চান না। সিএনএন এক প্রতিবেদনে বলেছে, গত ৯ অক্টোবর ইয়োতামসহ ইসরায়েলি ১৩০ অনিয়মিত সেনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তারা বলেছেন, গাজা যুদ্ধ শেষ করতে ও হামাসের হাতে জিম্মি ১০১ জনকে মুক্ত করতে চুক্তি সই না করলে তারা সরকারের হয়ে আর কোনো কাজ করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত