গতিপথ বদলে আগ্রাসী পদ্মা বেড়েছে ভাঙন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রোয়েনে বাধা পেয়ে নতুন গতিপথের সন্ধানে প্রমত্ত পদ্মা আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। এতে বেড়েছে ভাঙন, বিপন্নের পথে নতুন নতুন জনপদ।

পদ্মার ডান পাড়ের কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও তালবাড়িয়া দুই ইউনিয়নের ৭ কিলোমিটার এলাকায় প্রবল ভাঙনে কৃষিজমি, বাড়িঘর, স্কুল-মাদ্রাসা নদীগর্ভে বিলীন হচ্ছে। জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ার ভেঙে পড়েছে নদীগর্ভে। এছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সংযুক্ত একমাত্র মহাসড়কটিও চরম ঝুঁকিতে। এ বছর নতুন করে আক্রান্ত হয়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা, কপোতাক্ষ ও ভেড়ামারা ৪১০ মেগা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ নানা অবকাঠামো। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ভাঙন ঠেকাতে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘পদ্মার ডান তীরের ভাঙনকবলিত ৯ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে এক হাজার ৪৭২ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে বরাদ্দ চাওয়া হয়েছে। এই অর্থবছরেই এর কাজ শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত