সেই পাকিস্তানই হারাল ইংল্যান্ডকে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৫ এএম

এই তো সেদিন ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। ফিরতি সিরিজেই তারা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। তাতে শেষ দুই টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে শান মাসুদের দল।

টেস্টের দ্বিতীয় দিনে ২৪ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড গতকাল তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস ১১২ রানে গুটিয়ে যায়। ফলে স্বাগতিকদের টার্গেট দাঁড়ায় মাত্র ৩৬ রান। গতকাল টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৩.১ ওভারেই সেই রান তুলে ফেলে পাকিস্তান। সাইম আইয়ুব (৮) এলবিডাব্লিউ হয়ে যাওয়ায় ৯ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

পাকিস্তানকে এবার সিরিজ জেতানোয় বড় ভূমিকা রেখেছেন দুজন নোমান আলী ও সাজিদ খান। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টি পেয়েছেন এই দুই স্পিনার। অন্য উইকেটটি পেয়েছেন জাহিদ মেহমুদ, যিনি নিজেও একজন স্পিনার।

পাকিস্তানি স্পিনারের সামনেই অসহায় আত্মসমর্পণ করেছে বেন স্টোকসের দল। রাওয়ালপিন্ডিতে ম্যাচসেরা হয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি করা সৌদ শাকিল। আর সিরিজ সেরা হন তিন ম্যাচে মোট ১৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭২ রান করা সাজিদ খান।

২০১৫ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান। ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল ২০২১ সালের পর। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ও দেশের মাটিতে প্রথমবার পিছিয়ে থেকেও সিরিজ জিতল পাকিস্তান। এর আগে সর্বশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর শেষ দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো ৪ টেস্ট বাকি আছে পাকিস্তানের। যার মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকা এবং দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে পাকিস্তানকে বাকি চারটি ম্যাচেই জিততে হবে। বাকি চারটি ম্যাচ জিতলেও শিরোপা নির্ধারণী ফাইনালে খেলতে পারবে কি না পাকিস্তান সেটা নির্ভর করবে অন্য দলগুলোর ফলের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত