খুলনায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে ব্যবসা-প্রতিষ্ঠানে হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনা সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রান্ত ও রিয়াজ। গতকাল শনিবার দুপুরে নগরীর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে যান। তারা সেখানে চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকেন। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন। কিন্তু তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে অফিসের লোকজন সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের খবর দেন। খবর পেয়ে সেনা সদস্যদের চারটি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
মোংলা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির এমডি আবদুল গফফার বলেন, ‘দুপুরে কয়েকজন যুবক নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজতে থাকে। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। আশপাশের দোকানদাররা এগিয়ে এসে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা (যুবকরা) কিছুটা নমনীয় হয়। পরে সেনা সদস্যরা এসে তাদের নিয়ে যান।’
