গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র মাহবুব এবং ঢাকার মিরপুরে নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী আসিফ হত্যা মামলার আসামি নালিতাবাড়ীর ৪টি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যানকে নিয়ে উপজেলা মাসিক সমন্বয় সভা করায় ইউএনও মাসুদ রানার অপসারণ দাবি জানিয়েছে নালিতাবাড়ী উপজেলা বিএনপি। একই সাথে ওইসব মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি করে তারা বৈষম্যমূলক আচরণের জন্য এসিল্যান্ড এর অপসারণও দাবি করেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা কার্যালয়ে জেলার বিএনপির সহ-সভাপতি ও উপজেলার সাবেক আহ্বায়ক নুরুল আমীনের নেতৃত্বাধীন নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর ও ঢাকায় নিহতের ঘটনায় যাদের আসামি করা হয়েছে, এর মধ্যে নালিতাবাড়ী উপজেলার ৪ জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। ৫ আগস্টের পর থেকে তারা দীর্ঘদিন অনুপস্থিত। এরপরও ওইসব মামলার পলাতক আসামিদের ফোনে ডেকে এনে ইউএনও সমন্বয় সভা করেন। বিষয়টি জানার পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন এবং আলোচনা সাপেক্ষে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই বিক্ষোভের আহ্বান করার পরই তা ঠেকাতে ইউএনও বালু উত্তোলনকারী ও বালু উত্তোলন বিরোধী দুইপক্ষের মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে মর্মে নাটক সাজিয়ে ১৪৪ ধারা জারি করেন।
তিনি বলেন, আমি বা আমাদের কেউ বালুর সাথে জড়িত নয়। বালু উত্তোলনকারীদের পক্ষে-বিপক্ষে এমন কোনো কর্মসূচিও ছিল না। শুধুমাত্র আমাদের বিক্ষোভ মিছিল ঠেকাতে ভুয়া গল্প বানিয়ে মূলত তিনি আসামিদের পুনর্বাসনের চেষ্টা করেছেন।
এ সময় তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যা মামলার আসামিদের পুনর্বাসিত করার চেষ্টাকারী ইউএনও’র অপসারণ দাবি করেন। একই সাথে এখনো হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ইউনুছ আলী দেওয়ান, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মাসিক সমন্বয় সভার বিষয়টি স্বীকার করে ইউএনও মাসুদ রানা বলেন, যাদের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের আসামি হওয়ার বিষয়টি আমার জানা ছিল না। আমার কাছে মামলার কোনো কপিও নেই।
বিমসটেককে যুব, পরিবেশ, জলবায়ু সংকটের দিকে বেশি নজর দিতে হবে: ড. ইউনূস
ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৪ সাংবাদিক গ্রেপ্তার
সারজিস-হাসনাতকে ক্ষমা চাইতে বলল এলডিপি