আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চান মির্জা আব্বাস

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:১৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। তাই আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে।’ গতকাল সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তা-বের প্রতিবাদে ২৮ অক্টোবরের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই। আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ চলে গেছে, আমরা ভেবে ভেবে খুশি হই। কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। এদের চর-অনুচর এখনো বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, পুলিশ, মিলিটারি যেখানে বলেন, এদের চর রয়ে গেছে। এদের রেখে কোনো পরিস্থিতিতেই আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না।’

বিএনপির এ নীতিনির্ধারক বলেন, ‘আওয়ামী লীগ কখনো ছেড়ে দেবে না, ষড়যন্ত্র চলছে। বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের ওপর বিভিন্ন সিস্টেম চালু করছে। আজকে এই থিওরি আসে, পরশু ওই থিওরি আসে। এ থিওরি আবার দুর্ভাগ্যবশত আমাদের মুখ থেকে বের হয়।’

মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য দল বিভিন্ন কথা না বলে, যদি একটি কথায় আসতে পারি, যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে দেশটা পুনর্গঠিত হবে। না হলে এ দেশটা নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে। এটা কখনই হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘বিগত দিনে কোনো একসময় হয়তো আমরা একসঙ্গে হতে পারিনি। কোনো একসময় হয়তো একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে তাড়িয়েছিলাম। আমরা আগামী দিনে সবসময়ের জন্য, দেখি চেষ্টা করে পারি কি না, একসঙ্গে হয়ে এ দেশটা আবারও সুন্দর করে পুনর্গঠিত করতে পারি কি না।’

এ সময় লগি-বৈঠা আন্দোলন চলাকালে হত্যাকা-ে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান মির্জা আব্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত