৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ প্রায় দেড় মাস পিছিয়ে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করেছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে। গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলাফল অনুযায়ী, ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। স্থগিত করা হয় ৯৯ জনের ফল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২০ সালের ৩০ নভেম্বরে, যাতে অংশ নিতে আবেদন পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জনের। কভিড মহামারীর মধ্যে ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।
২০২৩ সালের ২৬ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। তাদের মধ্যে ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ ছিলেন ২ হাজার ১৬৩ জন।
